ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন।
মারা যাওয়া নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা থেকে এ তথ্য জানা গেছে।
যাত্রীতালিকা অনুযায়ী, অঞ্জনা ভৌমিকের সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। উড়োজাহাজটিতে দুই পাইলটসহ মোট সাতজন ছিলেন। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল সি৯০এ (C90A)। উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যায়। এ পরিস্থিতিতে পাইলট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


