ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সিংগা হাট সংলগ্ন জিয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, যুবদল নেতা মাইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এদিকে, উপজেলার ঝালুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও বিএনপি নেতা মো: গোলাম মোরতুজা।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।



