ধূমেকতু প্রতিবেদক, গোমস্তাপুর : শনিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় উৎসবের আমেজে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পৌর এলাকার ১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি যথেষ্ট ভালো। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে পুরো এলাকা জুড়েই উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটের নিরাপত্তায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতির কারণে কোন কোন কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোটার ও প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছিল।


