ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে মাস্ক বিতরণ করেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রোববার বেলা ১১টায় নগরীর ষষ্টিতলা, নিউ মার্কেট, হকার্স মার্কেট, গোরহাঙ্গা এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে জনসাধাণের প্রতি আহবান জানানো হয়।
আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাংবাদিক সাইদুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণকালে অন্যান্যের মাঝে সংগঠনের সদস্য শরিফ উদ্দীন, রাকিবুল হাসান শুভ, সাগর নোমানি, আদিল হোসেন, আরিফুল ইসলাম, ফেরদৌস আলম রাসেল, খালেকুল আলম পল্টু, মোদাসসারুল হক মমিন, শফিকুল আলম, শামিউল ইসলাম শামু উপস্থিত ছিলেন।
এসময় সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত। পৃথিবীতে স্বাভাবিক জীবন যাপনের স্বার্থে সবাইকে সুস্থ থাকতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই এ ভাইরাস প্রতিরোধ করা উচিত। সেটির জন্যই হতে হবে সচেতন।” এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান দেশের স্বনামধন্য রাজনৈতিক পরিবারের এ সন্তান।


