ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : “মানুষ, মানুষের জন্য” হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দুঃখী মানুষের জন্য কাজ করে গেছেন। উনারি আদর্শ ও উনারি নিদের্শনায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজগুলি করে যাচ্ছেন। তারি নিদের্শনা ও তারি অনুপ্রেরণায় আমার মস্তিস্কে এসেছে যে, করোনা রোগীদের জন্য অক্সিজেন প্লান্ট প্রয়োজন। মাঝে একটু থেমে গিয়েছিলাম যেহেতু করোনা কমে গিয়েছে তাই। এটাকে শুরু করলাম না জানি কোন কাজে আসবে না। আবার মনে করলাম শুধু করোনা রোগী নয়, অন্যান্য রোগীদেরও তো এই অক্সিজেন প্লান্ট কাজে আসবে।
মঙ্গলবার ১৩ এপ্রিল বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা থেকেই মানুষ মানুষের জন্য এই কথাটি মাথায় রেখেই আমার এই উদ্যোগ। আমি শুধু আমার নির্বাচনী এলাকা তিন উপজেলার কথা চিন্তা করি না, আমি সমগ্র নওগাঁ জেলা তথা গোটা দেশের কথা চিন্তা করি।
প্রধান অতিথি আরো বলেন, আমি সমন্বয় সভায় বলেছি, আমি শুরু করেছি, আপনারাও আমার দেখানো পথ ধরে শুরু করতে পারেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ছিলেন নওগাঁ পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল বারী, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
সারা দেশের একমাত্র নিয়ামতপুরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে ৩৬টি সিলিন্ডারে ১৮টি পয়েন্টে ৫৪জনকে একই সাথে সেবা প্রদান করা যাবে। নিয়ামতপুর উপজেলার পাশাপাশি একই সাথে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির একান্ত প্রচেষ্টায় তাঁর নির্বাচনী এলাকার অন্য উপজেলা পোরশা এবং সাপাহারেও একই পরিমান অর্থায়নে এবং একই সুযোগ সুবিধা নিয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।


