ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসে বসবাস করে। কেউ কর্মের কারণে, কেউবা পড়াশুনার জন্য শহরে বাসা ভাড়া, বা মেস ভাড়া করে থাকেন। ঈদের ছুটিতে এসব মানুষ শহর ছেড়ে নিজ বাড়িতে গিয়েছিলেন। আর ঈদের ছুটি শেষ হয়েছে রোববার। আর তাই আবারো শহরে কর্মে ফিরতে শুরু করেছেন তারা। ফলে স্বরূপে ফিরতে শুরু করেছে চিরচেনা মহানগরী। ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে উঠছে সবুজ এই মহানগরী।
নগরীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনালে এখনো দেখা যাচ্ছে গ্রাম ফেরত যাত্রীদের ভিড়। ঈদের আগে বাড়ি যেতে যেভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের এখনও সেই একই ভোগান্তি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন তারা। নগরীর শিরোইল বাস টার্মিনাল ও বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে এখনও সপরিবারেই লোকজন ফিরে আসছেন রাজশাহীতে।
গত রোববার থেকে তাদের অনেকেই যোগ দিয়েছেন নিজ নিজ কর্মস্থলে। তাই অনেকেই শনিবার ফিরে এসেছেন শহরে। আর যারা বেশি ছুটি নিয়ে গিয়েছিলেন তারা এখন ফিরছেন। এজন্য নগরীর ভদ্রা ও গোরহাঙ্গা রেলগেইটসহ বিভিন্ন বাস স্টোপেজ ও রেলস্টেশনে ঈদ ফেরত যাত্রীদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।
দশ দিন বা এক সপ্তাহ আগে বাড়ি যেতে যাত্রীদের ভিড় ছিল গ্রামের দিকে আর এখন সবাই ফিরছেন রাজশাহীর দিকে। ঈদের ছুটিতে গত কয়েকদিন যে রাজশাহী ছিল জনশূন্য তা আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে।


