ধূমকেতু প্রতিবেদক, মিজানুর রহমান, চারঘাট : রাজশাহীর চারঘাটে করোনা ভাইরাসের ২য় ডোজের টিকাদান কর্মসুচী বন্ধ ঘোষনা করা হয়েছে। ২য় ডোজের বরাদ্দকৃত ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় এ অবস্থা তৈরী হয়েছে বলে দাবি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম রবিনের। এতে নতুন করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না আসায় দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন উপজেলার ৫ হাজার ১৯৮ জন মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম রবিন জানান, গত ৭ফেব্রথেকে সারাদেশের সঙ্গে চারঘাটেও একযোগে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। টিকা নেওয়ার জন্য ১১ হাজার ৫৬৮ জন নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৫২৩ জন। এ যাবত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখনো দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ১৯৮ জন।
তিনি বলেন, প্রথম ডোজের টিকা গ্রহণের ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যাবে দ্বিতীয় ডোজের টিকা। দ্বিতীয় ডোজের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। টিকা আনতে সরকারের সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। টিকা আসলে তাৎক্ষণিক চারঘাটেও টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার ছাড়াও সামাজিক দুরুত্ব বজায় রেখে জনসাধারনকে চলাচলের অনুরোধ জানিয়েছেন হাসপাতালের এই কর্মকর্তা।


