ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে তাস ও নগদ টাকাসহ তিন জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে ১০টায় কাটাখালী থানার বেলঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মুজাম (২৮), ইউসুফের ছেলে সুজন (২৯) ও মৃত জমসেদের ছেলে টনি (৪৫)।
বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার বেলঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কুদ্দুসের আম বাগানের পাশে জুয়া খেলা অবস্থায় তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


