ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গত বৃহস্পতিবার মন্দিরসহ আদিবাসীর বাড়ি ভাংচূর করছে এমন গুজবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি দেখার জন্য মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন কয়েক শ’ মানুষ। ছুটে যান থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থলে গিয়ে পুলিশ খুঁজে পান না কোনো মন্দিরের চিহ্ন। সেখানে দেখা যায় টিনের বেড়া দিয়ে ঘেরা একটি পরিত্যাক্ত পায়খানা ভাঙ্গা পড়ে আছে।
পুলিশ সূত্রে জানায়, উপজেলার ফরমানপুর (হরেকৃষ্ণপুর) গ্রামে একটি আদিবাসী পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো আমিনুল ইসলাম ও তার ভাই আমজাদ হোসেনের সাথে। ইতিপূর্বে ৬ বার ইউপি চেয়ারম্যানসহ থানা পুলিশের সহযোগিতায় মিমাংসা করে দিয়ে যার যার দখল বুঝিয়ে দেয়া হয়। আমিনুল ইসলাম গং গত কয়েকদিন আগে তাদের জমিটি তাঁরকাটার বেড়া দিয়ে ঘিরে ৩০টি আম ও ইউক্যালেকটার গাছ লাগিয়ে ছিলেন। গত বৃহস্পতিবার ভোরে তারামনি রানী, তার স্বামী ফলিন উঁরাওসহ বেশ কিছু লোক উক্ত গাছগুলো উপড়িয়ে ফেলে তাঁরকাটার বেড়াসহ সকল কিছু লুট করে নিয়ে যায় এবং সেখানে অবস্থিত একটি পরিত্যাক্ত পায়খানা ভেঙে ফেলে মন্দির ভাঙ্গার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে চাইলে ফলিন উঁরাও গাছ উপড়িয়ে ফেলা ও তাঁরকাঁটার বেড়া লুট করার কথা স্বীকার করে জানান, সেখান থেকে কেউ দুটি গাছ উপড়িয়ে ফেললে আমিনুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ করেন, এ কারণে রেগে গিয়ে তাদের সব গাছ উপড়িয়ে ফেলে তাঁরকাটার বেড়া তাদের কাছে রেখেছেন। তার কাছে মন্দির ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে সেখানে কোনো মন্দির ভাঙ্গার ঘটনা ঘটেনি বলেও জানান।
ফরমানপুর (হরেকৃষ্ণপুর) গ্রামের প্রদীপ উঁরাও, মকসেদ আলী, হেলাল উদ্দীন, আবু হানিফসহ আরও অনেকে জানান, রাতের আঁধারে গাছ উপড়িয়ে ফেলে তাঁরকাটার বেড়াসহ মালামাল লুটের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পরিত্যাক্ত পায়খানা ভেঙ্গে একটি প্রভাবশালী মহল মন্দির ও আদিবাসীর বাড়ি ভাংচুড়ের গুজব ছড়িয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে ফরমানপুর (হরেকৃষ্ণপুর) গ্রামের কিনা আলীর পুত্র মিলন ইসলাম, মৃত ঘুকু আলীর পুত্র সলেমান আলী, মুনকা উঁরাও এর পুত্র ভদল উঁরাও, কমল উঁরাও এর পুত্র শ্যামল উঁরাও, ফলিন উঁরাও এর স্ত্রী তারামনি রানীর বিরুদ্ধে শুক্রবার মহাদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সেখানে মন্দির ভাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে একটি মহল মিথ্যে মন্দির ভাঙ্গার গুজব ছড়িয়েছে।


