ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো, রাজশাহীর দামকুড়া থানার হরিপুর গ্রামের আবু হোসেনের ছেলে আঃ হাকিম (৩৬) ও মৃত শাহজাহান আলীর ছেলে বাবু (৩৭)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় ২ ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থল থেকে আসামী হাকিম ও বাবুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



