ধূমকেতু প্রতিবেদক, জাহিদ হাসান সাব্বির : রাজশাহীর সিটি কর্পোরেশনের উদ্যোগে ভদ্রা আবাসিক এলাকায় সৌন্দর্য্যবর্ধন ও বাঁধানো পাড় দ্বারা তৈরী করা হয় ভদ্রা লেক। লেকটিকে কেন্দ্র করে গড়ে উঠে বিভিন্ন ফুটকোর্ট এবং ক্ষুদ্র ব্যবসা। এই প্রকল্পটি করায় সর্বসাধারণের মাঝে পরিচিতি পায় নতুন একটি বিনোদন কেন্দ্র ভদ্রা লেক। নান্দনিকভাবে পাড়ের ডিজাইন করা হয়, পাড়ের চারপাশ দিয়ে লাগানো হয় ফুলের গাছ। সাধারণ মানুষের বসার জন্য পাড়ের সাথেই রাখা হয় বসার ব্যবস্থা। বিনোদন প্রেমী মানুষগুলোর কাছে খুবই জনপ্রিয় হতে থাকে ভদ্রা লেক।

করোনার কারণে যখন পুরো বিশ্ব বেশামাল ঠিক সেই সময়ে লেকটি কেমন আছে জানতে সরজমিনে গিয়ে দেখা যায়, ভদ্রা লেকের বেহাল দশা। স্থানীয় দখলদাররা এবং বস্তির ভাংড়ী ব্যবসায়ীরা জনজালের স্তুপে পরিনত করেছে লেকের চারপাশ। চারপাশের ভাংড়ীর স্তুপ দেখে যেন মনে হয় একটি ভাগাড়ে পরিনত হয়েছে জায়গাটি। এমনকি লেকের ধারে পঁচা আবর্জনার দুগন্ধ যেন নাকে বাড়ি দেয় বারবার। সেই সাথে রয়েছে চারপাশ দিয়ে অবৈধ বাস গ্যারেজ। যেখানে রাখা হচ্ছে আন্তঃজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বাস। এতে লেকের রাস্তাগুলো যেমন সংকুচিত হচ্ছে তেমন সৌন্দর্য্য হারাছে।

ভদ্রা পার্কের পেছনের গেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার বাঁধানো পাড়ে ধরেছে ফাটল।
লেকটির পানি দূর থেকে দেখলে বোঝা যায় টলটলে কিন্তু একটু কাছে গেলে দেখা মিলবে পানিতে ভাসমান কর্কসিট, ময়লা কাপড়, পলিথিন, খাবারে উচ্ছিষ্ট। পানিতে ফেলে পঁচানো হচ্ছে বাশঁ। যা দূষিত ও জীবানুযুক্ত করছে পানিকে।
লেকটি সৌন্দর্যবর্ধন করতে লাগানো হয়েছে কিছু সূর্যমূখী গাছ। সেগুলো এখন দেখার কেউ নেই। দেখলেই বোঝা যায় অবহেলায় নুয়ে পড়েছে এবং শুকিয়ে জরাজির্ন অবস্থা পড়ে রয়েছে। যা আজ মৃতপ্রায়।

এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬নং ওর্য়াড কাউন্সিলরের সাথে কথা বলার চেষ্টা করলেও তার দেখা পাওয়া যায়নি। এমনকি ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় আকবার আলী ধূমকেতু নিউজকে জানান, আসলেই এই স্থাপনাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষন করা খুবই প্রয়োজন। যেহেতু প্রাকৃতিক ভারসাম্যের সাথেও এর সংযোগ রয়েছে তাই এটির সুষ্ঠু রক্ষণাবেক্ষন ও পরিচর্যার জন্য স্থানীয় সরকারের কাছে জোর দাবী জানায়।
লেকে মাছ ধরতে আসা হাবিব নামের একজন ধূমকেতু নিউজকে জানান, আগে মাছ ধরতে ভালো লাগতো। মাছগুলো অনেক বড় বড় হতো। এই ময়লা আবর্জনার কারণে মাছের বৃদ্ধি হয়না। পানি থেকে দুর্গন্ধ বের হয়। এটি পরিবেশের জন্য ও রাজশাহীর একটি পরিচিত বিনোদন কেন্দ্রের জন্যও হুমকির। তাই এবিষয়ে কর্তৃপক্ষের নজরদারি জরুরী।


