ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহী ৬-আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, খুব শীঘ্রই চারঘাট-বাঘার নদী এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। এটি সম্পূর্ণ হলে এই এলাকার নদী হবে নান্দনিক তথা বিনোদন কেন্দ্র।
রোববার (১৮ জুলাই) দুপুরে দুই উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে বাঘার মীরগঞ্জ এলাকায় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি বছর কম-বেশী বন্যা হয়। এই বন্যার সময় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেয়। এতে করে আতঙ্কে রাত কাটান নদী এলাকার মানুষ। আমি তাঁদের কথা ভেবে চারঘাট উপজেলার ইউসুফপুর থেকে বাঘার গোকুলপুর পর্যন্ত ১২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁদ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি রেখে ছিলাম বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে।

সেই আলোকে গত বছর সেপ্টেম্বর মাসে বর্তমান সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ কয়েকজন বিভাগীয় প্রকৌশলী সরেজমিন নদী এলাকা পরিদর্শন করে সাড়ে ৭ শ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পটি অনুমোদন দেন। যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। তবে চারঘাট সীমানার মধ্যে ১৫ শতাংশ কাজ বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমার পরিকল্পনা রয়েছে এই বাঁধ এলাকায় চারটি টি-বাঁধ নির্মাণসহ একাধিক বসার স্থান নির্মাণ এর মাধ্যমে নান্দনিক (স্পট) কেন্দ্র তৈরীর। সেই সাথে তৈরী করা হবে নদীতে নামার জন্য অত্যাধুনিক সিঁড়ি। যাতে করে ভ্রমন প্রিয় মানুষ গুলো নদী এলাকায় ঘুরতে এসে আনান্দ উপভোগ করতে পারেন।
এদিকে, সাংবাদিকদের সাক্ষাতকার দেয়ার পূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীরগঞ্জ বিজিপি ক্যাম্পের পাশে মীরগঞ্জ বাজার পরিদর্শন করেন এবং এটি উন্নয়ন করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম (শফিক), চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, দুই থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ও মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।


