ধূমকেতু প্রতিবেদক : একাত্তর টেলিভিশন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্ট্যাব্যাপি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। কর্মসূচিতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও প্রগতিশীল চেতনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা স্বাধীনতায় বিশ^াস করে না, তারা একাত্তর টিভিকে সহ্য করতে পারে না। তাদের কাছে একাত্তর টিভির প্রধান দোষ হলো ৭১ শব্দটি। এছাড়া অন্য কিছু নয়। আমরা একাত্তর টেলিভিশনের সাথে আছি। মুক্তিযুদ্ধের কথা বলে একাত্তর টিভি। তাই একাত্তর টিভিকে নিয়ে এখন ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি সফল হয় না। আমরা মহান একাত্তরে যুদ্ধ করেছি, এখন একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিরুদ্ধেও লড়তে প্রস্তুত আছি।
বক্তারা আরও বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই গণমাধ্যমকে ভয় পায়। যারা ২১ মানে না, ৫২ মানে না, ৭১ মানে না তাদেরই একাত্তর টিভি নিয়ে গাত্রদাহ। তারাই একাত্তর টিভি বয়কটের ঘোষণা দিচ্ছে। কিন্তু দেশের মানুষই ষড়যন্ত্রকারীদের বয়কট করবে।
আরইউজের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- রাজশাহী-২ (সদর) আসনের এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার, দিলীপ কুমার ঘোষ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, ছাত্রনেতা তামিম শিরাজী প্রমুখ।


