ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪০) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।
গুলশানের কোকাকোলা মোড়ে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, শেরপুর সদর উপজেলার সালু মিয়ার ছেলে মজনু এক ছেলে ও তিন মেয়েসহ পরিবার নিয়ে গ্রামে থাকতেন। সোমবার রাতে তিনি ট্রাকে করে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন।
গুলশান কোকাকোলা মোড় দিয়ে ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এসময় মজনুর সহযোগী ও ভ্যানচালক সামান্য আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


