ধূমকেতু নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে জাতীয় পার্টি (জাপা) দিয়ে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, চিহ্নিত ফ্যাসিস্ট জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা দেওয়ার সুযোগ করে দিয়েছে।
আজ রোববার (৩১ আগস্ট) বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।
আসিফ মাহমুদ বলেন, ‘গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি। অথচ এ সরকারের আমলে ঘটেছে। এ ঘটনার দায় সরকারকে নিতে হবে।’
জাতীয় পার্টিকে চিহ্নিত ফ্যাসিবাদী আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ভারতের প্রেসকিপশন এনে বাংলাদেশে একটি কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে আওয়ামী লীগ, আর তাদের বৈধতা দিয়ে গেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের অবৈধ সংসদকে বারবার বৈধতা দেওয়ার সুযোগ করে দিয়েছে দলটি।
আসিফ মাহমুদ বলেন, ‘যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি হলো একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল।’
জাতীয় পার্টিকে যদি কোনোভাবে সমর্থন দেওয়া হয়, তাহলে সেটি যেমন সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়, তেমনি জনগণ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দাঁড়াবে বলে প্রত্যাশা করেন আসিফ মাহমুদ।
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে কোনো পক্ষ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হোক- এমনটা চাইবে না এবং নির্বাচন পেছানোর চেষ্টা করবে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যদি সরকারি দল ও বিরোধী দলে পরিণত হয়, তাহলে সেই সেটেলমেন্ট বাস্তবায়িত হয়ে যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সেই জায়গা থেকে অনেকে আওয়ামী লীগকে নানা ফরমেটে আনতে না চাইবে। না পারলে নির্বাচন বানচালের চেষ্টা করবে। আমরা মনে করি, এ ধরনের সব চেষ্টা গণতান্ত্রিক ও রাজনৈতিক দলগুলো এবং সরকার রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে।’
জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, সরকার এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি। তবে সরকার ইতোমধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছে। রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে, সে অনুযায়ী সরকার বিবেচনা করবে।
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার বিচারের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের বিষয়ে ভাবছে। এটা কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। এটা অত্যন্ত দুঃখজনক। এর দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপরই বর্তায়। সরকারকে এর সমাধান করতে হবে। এই হামলার বিচার করে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায়, সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’


