ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত দুজন মারা গেছে। আর ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে নয়জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের, আর হামের উপসর্গ নিয়ে ৪১৪ জন মারা গেছে।
ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৬০ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৯ জন মারা গেছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৬১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৯ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ছয়জন ভর্তি হয়েছে রংপুরে।
এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০। আর হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩২৯ জন।



