ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেট নগরের কলোনির আগুনে শোভা রাণী চন্দ (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সঙ্গে বসতঘরের আটটি কক্ষ আগুনে পুড়ে যায়। দগ্ধ এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে নগরীর গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শোভা রাণী সুনামগঞ্জে জেলার জগন্নাথপুর উপজেলার মৃত সচিন্দ চন্দ্রের স্ত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘরের চারটি কক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভুঞা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের চারটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আগুনে পুড়ে নিহত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


