ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনা নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বামপন্থি সমর্থিত প্যানেল ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর প্রার্থী বি এম ফাহমিদা আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস. এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন। এরপর ঢাবির শিক্ষার্থী আলী হুসেন ফেসবুকে ওই নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেন।
এই ঘটনার পরে ছাত্রশিবির ও ছাত্রদল পরস্পরবিরোধী দাবি তুলে ধরেছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তকে শিবিরের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে। তারা জানিয়েছে, আলী হুসেন কখনোই শিবিরের কর্মী ছিলেন না। তিনি নিজেও ফেসবুক লাইভে রাজনৈতিক পরিচয় অস্বীকার করেছেন। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে, যাতে হুমকির দায়ী ব্যক্তির শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অপরদিকে, ছাত্রদল অভিযোগ করেছে, নারী প্রার্থীকে হুমকি দেওয়া ওই শিক্ষার্থী আসলে ছাত্রশিবিরের নেতা। এই অভিযোগকে কেন্দ্র করে তারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রদলের অভিযোগ নাকচ করে দেন। তারা বলেন, ‘ছাত্রদলের প্রচারিত বিবৃতি ভিত্তিহীন, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিজেদের দায় এড়াতে তারা শিবিরকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, অতীতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার হয়রানি, শ্লীলতাহানি ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ছিল। উদাহরণ হিসেবে ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন্নাহার সনি হত্যা এবং ঢাবির শামসুন্নাহার হলে শতাধিক নারী শিক্ষার্থী নির্যাতনের ঘটনা উল্লেখ করা হয়।
ছাত্রশিবির জানায়, অভিযুক্ত আলী হুসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে। তারা সবসময় নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে থেকেছে। শিবির নেতারা ছাত্রদলকে সতর্ক করে বলেছেন, ‘শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকতে হবে। কোনো ঘটনার সঙ্গে আমাদের নাম টেনে সস্তা রাজনীতি করলে শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে।’


