ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক চারঘাট-বাঘা আসনের ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র মেতে উঠেছে। ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকান্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।
রবিবার বিকালে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নাওদাড়া এলাকায় নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদ এসব কথা বলেন।
চাঁদ বলেন, জাতি একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ ১৭বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি বিপুল ব্যবধানে ক্ষমতায় যাবে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে বুঝতে পেরে একটি দল নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
চাদঁ আরও বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যব্ধ হয়ে ধানের শীষের জোয়ার তুলে বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইতে হবে। মনে রাখবেন ধানের শীষের বিজয় মানেই জনগনের বিজয়। বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ এমপি শাহরিয়ার চারঘাট-বাঘার মানুষের চোখে ধুলো দিয়ে শুধু নিজেদের পকেট ভারি করেছিল। এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলে কোন কাজ করেনি। আমি কথা দিচ্ছি, ব্এিনপি সরকার গঠন করলে চারঘাট-বাঘাকে মডেল উপজেলা করতে সর্বাক্তক চেষ্টা করা হবে। শিক্ষিত যুবকদের চাকরীর ব্যবস্থা করা হবে। বেকারদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে।
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম, প্যানেল চেয়ারম্যান লালন আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন ,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রমুখ।



