ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব শক্রতার জেরে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা পাঁচটি অসহায় দরিদ্র পরিবারের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হাতিশাইল গ্রামে ঘটেছে এমন অমানবিক ঘটনা।
এঘটনায় বয়োজ্যেষ্ঠ আসমা বেওয়া বাদি হয়ে হাতিশাইল গ্রামের আব্দুল মতিন ওরফে আকুল, আব্দুল মান্নান ওরফে বিপুল সহ ৫ জনের নাম উল্লেখ করে গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ নাম মাত্র তদন্ত করে দায় সারেন বলে দাবি ভুক্তভোগী সহ গ্রামবাসীর। এর আগে প্রায় ৯ বিঘা জমির ধান ভাড়াটিয়া লোকজন দ্বারা কেটে নেই। পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করার কারনে বসতবাড়ি ভাংচুর করেছে বলেও ভুক্তভোগীদের অভিযোগ। বসতবাড়ি ভাংচুরের পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন পাঁচ পরিবার এবং প্রতিবেশীদের সহায়তায় কোন রকমে রান্না বাড়া করতে পারলেও চরম মানবেতর জীবন যাপন করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হাতিশাইল গ্রামের পূর্ব দিকে আম বাগান। বাগানের পশ্চিমে পুকুর। বাগানের ভিতরে টিনের ঘর করে বসবাস করতেন পাঁচ পরিবার। বাগানের পূর্ব দিকে ধানী জমি। ওই সব জমি থেকে পাকা আধাপাকা ধান কেটে নেয় প্রতিপক্ষ আব্দুল মতিন ওরফে আকুল ও আব্দুল মান্নান ওরফে বিপুল গংরা। তারা ভোর ভোরে ভাড়াটিয়া বাহিনী দ্বারা ধান কেটে ট্রাকে করে নিয়ে চলে যায়। আম বাগানের দক্ষিণ দিকে তিনটি টিনের বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। শুধু মাত্র কিছু টিন পড়ে ছিল। তিনটি বাড়ির সামনে দুটি বাড়ির একই অবস্থা করা হয়। এমনকি রান্না করার চুলা পর্যন্ত ভেঙে ফেলা হয়। বাড়িতে ধান চাল, টাকা পয়সা সবকিছু লুট করা হয়। পানির মটার পর্যন্ত লুট করা হয়। ভাঙা বাড়ির সামনেই মলিন মুখে ও চোখে পানি নিয়ে বসে ছিলেন বয়োজ্যেষ্ঠ আসমা বেওয়া।
তিনি জানান আমার পিতার ওয়ারিশ সুত্রে জমি পেয়ে দীর্ঘ প্রায় নয় বছর ধরে টিনের ঘর করে বসবাস করছি। এতদিনে কোন সমস্যা হয়নি। কিন্তু গত বুধবার সকাল ৬ টার দিকে আব্দুল মতিন ও আব্দুল মান্নান ভাড়াটিয়া লোকজন দ্বারা দেশীয় অস্ত্র নিয়ে টিনের বাড়ি ভাংচুর শুরু করে। মালামাল পর্যন্ত বের করতে দেয়নি। ঘরে যা ছিল সবকিছু লুট করে নিয়ে চলে গেছে। ৯৯৯ ফোন করেও পুলিশ সঠিক সময়ে আসেনি। ভাংচুর করে চলে যাওয়ার অনেক সময় পর পুলিশ এসে দেখে চলে যায়। পাচ পরিবার খোলা আকাশ ও গাছের নিচে বসবাস করছি।
তার সাথে কথা বলতেই আসমা বেওয়ার নাতি এরশাদ জানান, দীর্ঘ নয় বছর ধরে টিনের ঘর করে বসবাস করছি। কিন্তু বুধবার ভোরে আব্দুল মতিন ও মান্নানের ভাড়াটিয়া লোকজন এসে সব কিছু ভাংচুর করে লুটপাট করেছে। তারা যদি জায়গা জমি পায় তাহলে আইন আদালত আছে। তাই বলে এভাবে ঘর বাড়ি ভাংচুর করবে এটা কোন ধরনের অরাজকতা। অভিযোগ দেয়ার পর পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। কারন তারা প্রভাবশালী, একারনে সবাই চুপ রয়েছে। এর আগে ধান কেটে নিল তাও কিছু হলনা।
আসমা বেওয়া অভিযোগে উল্লেখ করেন, গত বুধবার সকাল ছয়টার দিকে ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ও নাতি এরশাদ, , বোন বানেছার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে।
আরো উল্লেখ, পিতা ফকির কারিকরের মৃত্যুর পর ওয়ারিশ সুত্রে জমি প্রাপ্ত হয়। জমি প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল ও চাষাবাদ করে আসছি। এঅবস্থায় বিবাদী আব্দুল মান্নান ওরফে বিপুল জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ও ১৪৪ ধারায় দুটি মামলা দায়ের করিয়াছিল। যাহার মামলা নং ২৬৭ পি/২০২০ (তানোর) ও ৪৩১ পি/(তানোর)। দুটি মামল আদালত নথিজাত করেন। তারপরও বিবাদীরা আমার ভোগ দখলীয় জমি থেকে ধান কেটে নেয় এবং বসবাসরত ঘর বাড়ি ভাংচুর করে আমাদের কে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ধান ককাটার ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করার কারনে এর ধারাবাহিকতায় ঘর বাড়ি ভাংচুর করেছে।
থানায় অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার উভয় পক্ষকে নিয়ে থানায় বসার কথা থাকলেও বিবাদীরা উপস্থিত না হওয়ার কারনে বসেনি।
অভিযুক্ত আব্দুল মতিন ওরফে আকুলের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান মিটিংয়ে আছি পরে কথা বলছি। পুনরায় ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।



