ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে শ্মশান ঘাটের একটি আমগাছে হেলান দেওয়া অবস্থায় নয়ন কুমার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী নামক গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন কুমার ধামুইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চকবেনী গ্রামের আদিবাসী শ্মশান ঘাটে একটি আমগাছের সঙ্গে একজনকে হেলান দিয়ে বসে থাকতে দেখেন অজিত নামের এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন সেই ব্যক্তিকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে বদলগাছী থানা পুলিশকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসে।
পরিবারের কাছ থেকে জানাযায়, গত ১৮ দিন আগে নয়ন কুমার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজ করতে এসে ছিলেন। মৃত্যুর একদিন আগে তিনি মোবাইলে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। সে সময় তিনি নিজেকে অসুস্থ বলে জানিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


