ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ-র সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকালে গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান এবং ব্যারিস্টার আমিনুল হকের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের আদর্শকে বুকে নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অবিচল রয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনায় আজ আমরা একত্রিত হয়েছি।”
বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “প্রয়াত নেতৃবৃন্দের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচার ও জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “গোদাগাড়ী-তানোরের উন্নয়নে ব্যারিস্টার আমিনুল হক ও ড. আসাদুজ্জামানের অবদান চিরস্মরণীয়। তাদের অভাব আজ প্রতিটি পদে পদে অনুভূত হচ্ছে।”
ইফতারের আগে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




