ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা এ লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত পাঁচ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, মরদেহগুলো নারী নাকি পুরুষ কিছুই বুঝা যাচ্ছে না। আর কোনো মরদেহ আছে কিনা অনুসন্ধান করা হচ্ছে।
এর আগে গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে যোগ দেয় আরও ৪ ইউনিট। দুপুর ১টা ১৩ মিনিটে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, আগুন লাগার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


