ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : বৈরি আবহাওয়ার কারণে সারাদেশের ন্যায় চরম শ্রমিক সংকটে পড়েছেন মহাদেবপুরের কৃষকরা। কোথায় কোথায় আধা-আধি বা তার চেয়ে বেশি ধান দিয়েও মিলছেনা ধান কাটা শ্রমিক। কৃষকদের এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক এমপি ফজলে হুদা।
শনিবার দুপুরে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল প্রকৃত কৃষক সেজে উপজেলার চেরাগপুর গ্রামের এক মাঠে কৃষকদের সাথে ধান কেটে তাদের ঘরে তুলে দিয়েছেন।
স্থানীয়রা জানান, এমপি ফজলে হুদা বাবুল চেরাগপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় আকষ্মিক ভাবে তাঁর ব্যবহৃত গাড়ি থেকে নেমে পড়েন এবং লুঙ্গি গেঞ্জি পড়ে কাঁধে গামছা ঝুলিয়ে মাঠে বোরো ধান কাটায় নিয়োজিত কৃষকদের সাথে তিনিও ধান কাটতে শুরু করেন।
এমপি নিজ হাতে কাস্তে ধরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়ার এমন দৃশ্য দেখে ওই সময় মাঠে কাজ করা কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এমপির ধান কেটে দেয়া দেখে তাঁর সাথে থাকা রাজনৈতিক সহকর্মীও ধান কেটে ওই কৃষকের ঘরে তুলে দিতে অংশ গ্রহণ করেন। স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এমপি ফজলে হুদা বাবুল চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কৃষক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে বোরোধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে যখন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা বাবুল মাঠের ধান কেটে দিয়ে কৃষকদের পাশে দাঁড়ালেন এবং সংগঠনের নেতা কর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এসময় এমপি ধান খেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় কৃষকরা আরো জানান, একজন এমপি হয়ে মাঠে নেমে কৃষকের সাথে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন। ওই মাঠে এমপি ধান কাটছে এমন খবর পেয়ে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।#


