ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারীদের পাশাপাশি পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএসজি ) ওয়েভ এবং ছাত্রসমাজকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।
শনিবার (১৭ অক্টোবর) মহাদেবপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অংশগ্রহণ জোরদার বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পিএফজির পিস অ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর এম. সাখাওয়াত হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মানজুরা মুশাররফ বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সংগঠন, নারীসমাজ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপজেলার দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
সভাপতির বক্তব্যে পিএফজির পিস অ্যাম্বাসেডর আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২১ সদস্যবিশিষ্ট কমিটির সঙ্গে পিএফজি ও যুবভিত্তিক উদ্যোগকে সম্পৃক্ত করা হয়েছে। এসব কমিটি স্থানীয় পর্যায়ে নিয়মিত তদারকি করছে। তিনি দুর্নীতি প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাদেবপুর বিএম কলেজের অধ্যক্ষ ও সুজন মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোবারক আলী, রোদইল বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান সরদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক রতন কুমার, প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পিএফজির পিস অ্যাম্বাসেডর মর্জিনা বেগম, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর এবং প্রভাষক আব্দুল কুদ্দুস।
বক্তারা দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করা এবং নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নাগরিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।#


