ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে ছুরিকাঘাতে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১ জুন) বেলা ১২টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাকিব হোসেন নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার মৃত জালাল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, অভিযুক্ত রাসেল হোসেন মামলায় জেলে থাকায় তার স্ত্রী সাথী বেগমের সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই নারী সাবেক স্বামী রাসেলকে তালাক দিয়ে রাকিবকে বিয়ে করে। মঙ্গলবার অভিযুক্ত রাসেল জেল থেকে বের হয়। এর জের ধরে বুধবার দুপুরে রাকিবকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নাসিম আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।


