ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ জামান রঞ্জুর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় ছোট-চৌগ্রাম এলাকা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থাপনদিঘী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন এসএম খালেক উজ জামান রঞ্জু। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরে স্থাপনদিঘী বাজারের গেটে এক পথসভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফটিক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডাবলু, সাবেক ইউপি সদস্য কেএম আকতার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব কেএম ইমন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল করিম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় এসএম খালেক উজ জামান রঞ্জু বলেন, চৌগ্রাম ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।



