ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর আলোচিত স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য রনি ওরফে রনি প্রামাণিককে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রনি ওরফে রনি প্রামাণিক নাটোর জেলার উত্তর আলাইপুর গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে। সে একজন দুর্ধর্ষ ও কুখ্যাত আন্তঃজেলা ডাকাত। গ্রেফতার রনিকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মহাদেবপুর থানা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই এবং সিআইডির সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী বিশেষ টিম শুক্রবার রাতে আত্রাই থানা এলাকায় রনির এক স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গত ০৭ সেপ্টেম্বর রাত আনুমানিক পোনে ৮ টার সময় উপজেলা সদরের দুলাল পাড়ার বাসিন্দা ও মহাদেবপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত তার দোকান বন্ধ করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটবর্তী হলে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার প্রায় ২৫ দিন পর সন্দেহভাজন ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রনির কাছ থেকে ৫টি মোবাইল ফোন এবং ৫টি ক্যাপ জব্দ করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, প্রযুক্তির অপব্যবহার করে ধরাছোঁয়ার বাইরে থাকতে আসামি রনি ৩৩ থেকে ৩৪টি ভিন্ন ভিন্ন সিম কার্ড ব্যবহার করত।
তার বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার ৫টি মামলা রয়েছে। যার প্রতিটিই স্বর্ণ চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্ত অপরাধ। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আসামী রনিকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।



