ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সপ্তাহে আবারো শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকাকে রোববার ট্রাম্প একথা জানান। হোয়াইট হাউজ থেকে এক ফোনকলে তিনি বলেন, বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছবেন।
মঙ্গলবার এই আলোচনা হওয়ার কথা রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে তার জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন।
এর আগে ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম দফা শান্তি বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এবার তিনি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।
গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।
এরপর হরমুজে উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়েছে।
তুরস্ক ও মিশরের সমর্থনে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সঙ্গে কোনও চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার প্রস্তুতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।
সম্ভাব্য বৈঠককে ঘিরে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের রোববার স্থানীয় সময় বিকাল তিনটার মধ্যে হোটেল ছেড়ে যেতে বলেছে।
তবে ইরান সরকার এখনও ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছিল, তা মঙ্গলবারেই শেষ হচ্ছে।



