ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আসন্ন আড়ানী পৌর সভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাহারের আগের দিন সোমবার আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে তরুন ছাত্রলীগ নেতা রিবন আহাম্মেদ বাপ্পীকে মাঠে দেখা যায়নি। তবে সমাবেশ ও মিছিল করে মাঠ কাপিয়েছে অপর বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী।
সরেজমিন সোমবার বিকেলে আড়ানী পৌর সভার ৫ নং ওয়ার্ড শাহাপুর গ্রামে গিয়ে দেখা যায় বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী প্রায় দেড় হাজার নারী পুরুষ নিয়ে সমাবেশ করছেন।
সমাবেশে মুক্তার আলী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কৃতি সন্তান হিসাবে আর একটিবার মেয়র হতে চাই। আপনারা আমোকে সেই সুযোগ দিবেন। আমার চলার পথে যদি কোন ভুল-ত্রটি হয়ে থাকে সেটা নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন।
তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদ কে উদ্দেশ্য করে বলেন, আপনি কি ভাবে কোন পন্থায় মনোনয়ন পেয়েছেন সেটা আড়ানীবাসী জেনে গেছে। গত নির্বাচনে রেল লাইনের উত্তরে আপনার নিকটতম তিনটি ওয়ার্ড থেকে সাড়ে তিন হাজার ভোটের মধ্যে আপনি নৌকা প্রতিকে ভোট দিতে পেরেছেন ২৭৫ টি ভোট। আর বাঁকি ভোট পেয়েছিল বিএনপি। তাহলে এবার আপনি জয়ের চিন্তা করেন কি ভাবে ? তিনি কোন ক্রমে যাতে রেল লইনের উত্তর থেকে মেয়র নির্বাচিত না হয়, সে কথা ব্যাক্ত করে আবারও ভোট পার্থনা করেন।
এসময় বক্তব্য রাখেন, ৫ নং শাহাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক মুক্তার রহমান, ৫ নং ওয়র্ড কাউন্সিলর আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য শাহাবাজ আলী, আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামিম হোসেন, সমাজ সেবক মজনু সরকার,জামাল উদ্দিন, ৭-৮-৯ এর নারী কাউন্সিলর প্রার্থী মাসুদা পারভীন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে আড়ানী বাজার হয়ে-যথাস্থানে এসে শেষ হয়।
অপরদিকে, আরেক বিদ্রোহী প্রার্থী রিবন আহাম্মেদ বাপ্পী সোমবার কোন গণসংযোগ করেনি। সন্ধ্যায় তাঁর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাই।
তবে তার নিকটতম এক কর্মী জানান, বাপ্পীকে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর জন্য দলের উপর মহল থেকে চাপ দেয়া হয়েছে। শেষ পর্যন্ত কি হবে সেটি এখনও বলা যাচ্ছে না।


