ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য রহনপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই রোববার সম্পন্ন হয়েছে। এতে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সকলকে বৈধ বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে, একজন কাউন্সিলর প্রার্থী বাছাইযে বাদ পড়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, মেয়র ও কাউন্সিলর মিলে সর্বমোট ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৮ জনকেই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। একমাত্র কাউন্সিলর প্রার্থী জুয়েল খানকে ঋণখেলাপীর দায়ে অবৈধ হিসেবে প্রার্থীতা বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, রহনপুর পৌরসভা নির্বাচনে বৈধ ৮ জন মেয়র প্রার্থী হলেন, বর্তমান মেয়র তারিক আহমদ (বিএনপি), গোলাম রাব্বানী বিশ্বাস (আওয়ামী লীগ), ডা. জোহনা আক্তার ফ্রড্রিক (বাংলাদেশ কংগ্রেস), স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান (আওয়ামী লীগ বিদ্রোহী), ফারুক হোসেন স্বপন (আওয়ামী লীগ বিদ্রোহী), আসরাফুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), ডা. মফিজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী), নূরে আলম সিদ্দিকী বিপ্লব (আ.লীগ বিদ্রোহী)।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী সারাদেশের ৬৪টি পৌরসভার সাথে তৃতীয় ধাপে রহনপুর পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।


