ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান তার নিজস্ব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে তিনি উল্লেখ করেন, বিজয়ী হলে তিনি তার নির্বাচনী এলাকার প্রধান ১১টি সহ মোট ৫৫ টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করতে চান। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বসবাসযোগ্য হিসেবে গড়তে তুলতর সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এছাড়াও তিনি এলাকার সুষ্ঠু পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
জামায়াত নেতা মিজানুর রহমানের ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতে আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


