ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষার জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার জন্য প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিনি এমপি নির্বাচিত হলে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
নওগাঁর মহাদেবপুরে মেহেদী হাসান মিঠু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার বিকালে উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্টিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরগ্রাম ব্লাড সার্কেল এ খেলার আয়োজন করে।
উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সভাপতি মো: আরাফাত হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: জাহারুল ইসলাম, উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন, যুবদল নেতা কাজী আব্দুস সোবহান, সাবেক প্রধান শিক্ষক জিয়ার উদ্দিন ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। খেলার ধারাভাষ্যে ছিলেন মনিরুজ্জামান মনির ও আব্দুল হালিম।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে মহাদেবপুর ফিউচার ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে হাসাইগাড়ী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এর আগে ফজলে হুদা বাবুল উত্তরগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী জনসংযোগ করেন। #


