ধূমকেতু প্রতিবেদক : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত ২ মার্চ রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মাত্র ১৮ ঘন্টা পূর্বে ঘরোয়া পরিবেশে ২৭টি কঠোর শর্তে সমাবেশ করার অনুমতি দেয়া হয় কিন্তু সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশকে সাফল্যমন্ডিত করে।
সমাবেশে বক্তব্যের প্রতিবাদে পরবর্তীতে ১৬ মার্চ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে মামলা করা হয়।
৩১ মার্চ ২০২১ রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ পূর্বক রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে উক্ত বিএনপি নেতৃবৃন্দের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়।


