ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ সোমবার পালিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে নগরীর কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে শ্রদ্ধাঞ্জলি শেষে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবনী তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সহ-সভাপতি মীর ইকবাল, নওশের আলী, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লেমনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে দলটি।


