ধূমকেতু প্রতিবেদক : ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন সংহতি পরিষদ রাজশাহী বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে ও শফিকুজ্জামান শফিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামারুজ্জামান, রাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রাগিব আহসান মুন্না, সাবেক ছাত্র নেতা এ.এইচ. এম জুয়েল প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সিপিবি রাজশাহী জেলার সভাপতি এনামুল হক, গণসংহতি আন্দোলন বাংলাদেশ রাজশাহীর সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, ছড়াকার ও শিশু সংগঠক আলী আর্সালান অপু, কবি ও সংগঠক আবু তালেব মোল্লাহ্, কলামিষ্ট শাহ জিয়াউদ্দিন, খেলাঘর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, রাজশাহীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ভিত্তিক সামাজিক আন্দোলন কণ্ঠস্বরের সভাপতি নাদিম সিনাসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন , ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করে ইসরায়েল কে শাস্তির মুখোমুখি করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে। সেই সাথে অনতিবিলম্বে যুদ্ধ বিরতি প্রস্তাব গ্রহণ করতে হবে। জাতি সংঘের নিরাপত্তা কাউন্সিলে এসব থামাবার পদক্ষেপ নিতে হবে এবং এসবের মদদদাতা মার্কিন সাম্রাজ্যবাদ কেও বিচারের মুখোমুখি করতে হবে।


