ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় গত (৫ মে) শনিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার বাসভবনে চুরির চেষ্টাকালে একজন চোর আটক। এই শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেটি তথ্যগত ভুল বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
তিনি সোমবার দুপুরে স্থানীয় বাঘা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে বলেন, মোহাম্মদ আলী নামে যে চোরকে আটক করা হয়েছিল সে মূলত একজন হিরোইন খোর। সে আমার বাসভবনে চুরির চেষ্টা করেনি। চেষ্টা করেছিলো উপজেলা পরিষদের পেছনে বাউন্ডরী ওয়ালের তারকাটা সম্বলিত লোহার এ্যাংগেল চুরির।
নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার সময় আমি প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে দেখি এক যুবককে আটক করে রাখা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করি। অথচ বিকেলে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয় নির্বাহী কর্মকর্তার বাসভবনে চুরির চেষ্টায় যুবক আটক। সেখানে ঐ চোরকে মারপিট করার কথাও উল্লেখ করা হয়। বাস্তব অর্থে তাকে কোন প্রকার মারপিট করা হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান (জনি) বলেন, ঐদিন সরকারি কাজে আমি নির্বাহী কর্মকর্তার সাথে ছিলাম। লোহার এ্যাংগেল চুরির সময় বাসার সিকুরিটিগার্ড তাকে আটক করে। এর কিছুক্ষন পর নেশা জনিত কারণে তার মুখ দিয়ে ভুবড়ি (ফেনা) উঠতে শুরু করলে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুলী বিভাগ থেকে চোরকে আটক করে থানায় আনা হয়। এ বিষয়ে উপজেলা পরিষদের (সি.এ) শফিকুল ইসলাম বাদি হয়ে চুরির চেষ্টা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরপর আমরা গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করি।


