ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায়-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিপাকে রয়েছেন শ্রী-শ্যামল কর্মকার নামে এক সংখ্যালঘু পরিবার। বৈধ কাগজ-পত্র থাকার পরেও বিবাদীর বাড়ি পাশে জমি হওয়ায় তাদের হুমকি এবং শাসন গর্জনে আম পাড়া বন্ধ রয়েছে। ফলে গাছ থেকে খসে পড়ছে আম। নিরুপায় হয়ে সোমবার বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে জানা গেছে, উপজেলার মিলিক বাঘা গ্রামের বাসিন্দা শ্রী-শ্যামল কর্মকার দ্বিগর (৬৮) পিতা মৃত সুরেন্দ্রনাথ কর্মকার ওয়ারিশ সূত্রে ৩২ শতাংশ জমির মালিক। এ জমির অবস্থান উপজেলার পাকুড়িয়া গ্রামে। এদের পিতার নিকট থেকে ক্রয় সূত্রে জমির মালিক দাবি করেন ঐ গ্রামের মৃত আব্দুল হক মালিথার দুই ছেলে বিবাদী শাসসুল মালিথা (৪৮) এবং তার ভাই শাকিল মালিথা (৩৮)। তারা চলতি বছরের ৩ জানুয়ারী ২০২১ জোরপূর্বক ঐ জমি দখল করতে আসলে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক শ্যামল কর্মকার আদালতের স্মরনা পূর্ণ হয়। অতঃপর আদালত থেকে থানা পুলিশের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে শাসসুল মালিথা দ্বিগর বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় উক্ত জমি শ্যামল কর্মকার ভোগ- দখল করে আসছেন।
বর্তমানে ঐ জমির উপরে ৬ টি আম গাছসহ মেহগনি এবং লেবু বাগান রয়েছে। এর মধ্যে আম গাছে বিপুল পরিমান আম ধরে আছে। কিন্ত বিবাদীগন নিজেরা আম পাড়ছে না এবং বাদী পক্ষকেউ আম পাড়তে দিবেনা বলে নানা ভাবে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে আসছে। এর ফলে গাছ থেকে প্রতিনিয়ত পাকা আম মাটিতে খসে পড়ছে। নিরুপায় হয়ে শ্যামল কর্মকার সোমবার থানা পুলিশের স্বরনা পূর্ন হয়েছেন।
এ প্রসঙ্গে মামলার বাদী শ্যামল কর্মকার ও তার ছোট ভাই উত্তম কর্মকার বলেন, আমরা এমনিতে সংখ্যালঘু, তার উপরে জমির অবস্থান বিবাদীদের বাড়ির সাথে। এ কারনে তারা একের-পর এক আমাদের নানা ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। তারা আরো বলেন, এই জমি যদি আমাদের না হতো, তাহলে এতোদিন তারা আম পেড়ে নিতো। কিন্ত গাছে অসংখ্য আম থাকার পরেও তাদের নামে চুরি মামলা হওয়ার ভয়ে আম পাড়ছে না।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


