ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় একজন এবং করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এই দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৬ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৭০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২টিতে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২১টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ১২৩টি নমুনা পরীক্ষায় ১২টিতে করোনা ধরা পড়ে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ২৫ শতাংশ।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৩২টি নমুনা পরীক্ষায় ৬টিতে এবং জয়পুরহাটের ৩২টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৭৫ এবং জয়পুরহাটে ৯ দশমিক ৩৮ শতাংশ।


