ধূমকেতু প্রতিবেদক: আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে উদ্যাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা। ঐতিহ্যবাহী পোশাক, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। শুক্রবার (২৭ নভেম্বর) নগরের বাগানপাড়া এলাকায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকার আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ অংশ নিয়ে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরেন। জাতিগত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা উদ্যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী।
অনুষ্ঠানে শেলী বিশ্বাস ও সুমী মুরমু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, রাজশাহী ধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু, ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু টি. রোজারিও, আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলার সহসভাপতি ড. আরোক টপ্য এবং বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিটন রিবেরু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, আদিবাসী নেতৃবৃন্দ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এতে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর নারী-পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক পরিচয়ে অংশ নেন। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ফুলের মালা ও উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয়। অনুষ্ঠানে নবান্ন উৎসবের তাৎপর্য, কৃষিনির্ভর জীবনযাত্রা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংস্কৃতি মেলায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ, গান, পোশাক ও জীবনধারার বৈচিত্র্যময় উপস্থাপনা ছিল বিশেষ আকর্ষণ। মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও জীবনবোধ। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে দলীয় নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরের সাংস্কৃতিক দলগুলো অংশ নেয়।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রক্ষার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকেরা জানান, আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখা, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্ম যেন নিজেদের শিকড়, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, সে লক্ষ্যেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



