ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৮০ লিটার অ্যালকোহলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মিজানুর রহমান (২২) ও মাসুদ রানা (৩৮)। মিজানুর রহমান রাজশাহী জেলার মোহনপুর থানার ধোরশা গ্রামের মৃত এন্তাজুর রহমানের ছেলে ও মাসুদ রানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর রাত ৮ টায় নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৮০ লিটার অ্যালকোহলসহ আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১ টায় কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানা বলেন, অ্যালকোহলগুলো সালাম ও হান্নান নামের ব্যক্তির। আসামি মিজান অ্যালকোহলগুলো তাদের দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।
আসামি সালাম ও হান্নানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


