ধূমকেতু প্রতিবেদক : ‘আমি জীবনে যত অনুষ্ঠান করেছি সেই সব অনুষ্ঠানকে ছাড়িয়ে শিমুল মেমোরিয়ালের আজকের অনুষ্ঠান অনেক উর্ধ্বে চলে গেছে। এই শিমুল মেমোরিয়াল এর শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা নির্বাহী পরিচালকরা সবাই অলরাউন্ডার।’
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ১৬ই ডিসেম্বর উদযাপন অনুষ্ঠানে একথা বলেন।

মহান বিজয় দিবস উদযাপন করে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করেন তারা। পরে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের তিনটি শাখার ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫০ টি পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. এএইচএম তাহমিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান ও অধ্যক্ষ বিরাজ আহমেদ,উপরভদ্রা শাখা প্রধান ফাতেমা জহুরা দোলন, উপশহর শাখা প্রধান তুহিন পারভিন ইলা ও উপাধ্যক্ষ কামনা রাণী।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম এ মান্নান খান।


