ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলায় বালিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মাঞ্জুরী তানভীর নিশি (৩২)। সে কিশোরগঞ্জ উত্তরা ব্যাংকের ম্যানেজার সালাহউদ্দিন কাদের রূপন (৩৮) এর স্ত্রী। এ ঘটনায় সালাহউদ্দিন কাদের রূপন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তারা গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, গোদাগাড়ী উপজেলায় বালিগ্রাম এলাকায় পিকনিকে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে তলিয়ে যাওয়া তাঁর স্ত্রী নিশিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার এই দম্পতিসহ শ্রীমন্তপুর এলাকার ১৫-২০ জন নৌকায় চড়ে বালুগ্রাম চরে পিকনিক করতে গিয়েছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন জানান, পিকনিকে গিয়ে রান্নাবান্নার পর কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও মানজুরিসহ চারজন তলিয়ে যান। এসময় সঙ্গে থাকা অন্যরাই দুইজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তিনি আরও জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে পদ্মার তলদেশে উদ্ধার অভিযান চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধান পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি গোদাগাড়ীতে। তারা পদ্মা নদীর ওপারে চরে পিকনিক করতে যান। সেখানে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা চারজন নিখোঁজ হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তার দুই শিশুকে উদ্ধার করা গেলেও ওই ব্যাংক কর্মকর্তাকে এখনো উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিস ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।


