ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ ডিসেম্বর, ২০২২খ্রিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং সংরক্ষিত আসনের (সাধারণ ওয়ার্ড-২৫, ২৮ ও ২৯) শূণ্য পদে উপনির্বাচন উপলক্ষে রাজশাহীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকার ১৩ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকার ১৩ টি ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত অস্ত্রসহ চলাচল, বহন বা প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
নির্বাচন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন- ১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) ধারার অর্পিত ক্ষমতাবলে এবং The Arms Act, 1878 এর ১৭(ক)(১) ধারা মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের ২ (দুই) দিন পূর্বে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ৫ (পাঁচ) দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ হতে ৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকায় সকল ধরণের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অর্ন্তভূক্ত হিসেবে বিবেচিত হবে না।
সোমবার (২৬ ডিসেম্বর) আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।


