ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো আ: রহিম (৩৭) ও মাইনুল (২৮)। রহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর মাদ্রাসাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ও মাইনুল রাজশাহী জেলার চারঘাট থানার চামটা মধ্যপাড়া এলাকার আইনালের ছেলে।
পুলিশ জানায়, ৯ জানুয়ারি বিকেল ৪টায় দামকুড়া থানার হরিপুর এলাকায় মেসার্স লিমন ফিলিং স্টেশন এর সামনে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে রহিম ও মাইনুলকে আটক করে। এসময় রহিমের কাছে থাকা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সেই সাথে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


