ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রাম ও লক্ষীনারায়ণপুর এলাকায় সম্প্রতি সংঘটিত একাধিক সহিংস ঘটনা এবং মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলায়) সকাল ১২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এ তথ্য জানান।
প্রায় ৮-৯ মাস আগে সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী ও নাসির মেম্বার এবং পরে জিয়া মেম্বার মহানন্দা ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন শুরু করেন। প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের কাজ বন্ধ করা হয় এবং একটি ভেকু জব্দ করে স্থানীয় ইউপি মেম্বার নাজিমের জিম্মায় রাখা হয়।
তবে পরে ফারুক আহমেদ গোপনে জব্দকৃত ভেকু পুনরায় কাজে লাগিয়ে বালু উত্তোলন শুরু করলে, তা থামাতে গিয়ে তার পক্ষের একজন গুরুতর আহত হয়। এর জেরে একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে দু’টি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও রয়েছে।
দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলা, ককটেল বিস্ফোরণ ও পাল্টা মামলা হয়। সর্বশেষ ১১ জুলাই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে, যেখানে ৫টি মামলা রুজু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা শাখার টিম তাৎক্ষণিক অভিযান চালায়।
পুলিশ জানায়, সাংবাদিক ফারুক আহমেদের বিরুদ্ধে ৫টি মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি জামিনে থেকে তার পক্ষকে সংগঠিত করে এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এছাড়া, পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও রয়েছে।
পুলিশের মতে, এই সংঘর্ষ রাজনৈতিক নয় বরং স্থানীয় আধিপত্য ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। উভয় পক্ষেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক রয়েছে এবং এ ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা অনুচিত।


