ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএডিসি সার গুদামে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত বিএডিসি সার গুদামে এ ঘটনা ঘটে। ওই এলাকায় প্রায় ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে প্রায় ৫ টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ও পুলিশ জানায়, ওই সারগুদামের শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।দেশের পট পরিবর্তনের পর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা হলো-সজীব (২৬),উজ্জ্বল( ২৮), সাহেদ( ২৬), সোহেল( ৩০),মাসুদ রানা পালানু (৩৫),আশিক( ২৫)।আহতদের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।
এ বিষয়ে বিএডিসি সার গুদামে উপসহকারী পরিচালক মাহতাবউদ্দিন জানান, শ্রমিক ও ঠিকাদারের বিরোধের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে গুদামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলে তিনি জানান।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


