ধূমকেতু প্রতিবেদক,নাটোর : নাটোর চিনিকলের গার্ডদের জিম্মি করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে বিয়ারিং, মিল হাউজ, ওয়ার্কসপ হাউজসহ বিভিন্ন রুম থেকে প্রায় ৯০ লাখ টাকার ভারী যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাতদল। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে নাটোর চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে। নাটোর সুগার মিল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের জিম্মি করে একদল ডাকাত মিলের ভিতরে প্রবেশ করে। এরপর মিল হাউজপর ভিতরে থাকা গান মেটাল জার্নাল বিয়ারিং প্রতিটা ১৬০ কেজি ওজনের ১০ টি বিয়ারিং লুট হয়। যার মূল্য সাড়ে ৪৫ লক্ষ টাকা।
তাছাড়া ২.৫ লক্ষ টাকার ওয়েল্ডিং ক্যাবল, সাড়ে ৭ লক্ষ টাকার ব্রাশ শ্যাফট, ৪ লক্ষ টাকার ইম্পেলার, ১ লক্ষ ৬০ হাজার টাকার ইনার প্লেট, ২০ হাজার টাকার ফিটিং বুশ, ৩ লক্ষ টাকার সিরাপ পাম্প, ব্যবহৃত আলমারীর প্রয়োজনীয় টুলস ৫ লক্ষ টাকার, ২ লক্ষ টাকার স্টার ও রোটর ব্রাশ, ১০ লক্ষ টাকার ইলেকট্রিক্যাল তামার তার, ৬ লক্ষ টাকার স্ক্রীন্ড জুস পাম্প, ১ লক্ষ ৬০ হাজার টাকার বাতিল বুশ আর ২ লক্ষ টাকার ওয়েব্রীজের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এসব ভারী যন্ত্রাংশের মূল্য ৯০ লক্ষ ৬০ হাজার টাকা।
এসময় ইলেকট্রিকশিয়ানের আলমারিও ভাঙচুর করা হয়। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদল। এসময় কারখানার ভিতরে থাকা আসবাপত্র ও আলমারিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে তারা।
এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আমরা জানাতে পারছি যে, মিল থেকে ৯০ লাখ ৬০ হাজার টাকার মালামাল ডাকাতদল নিয়ে গেছে। সেখানকার প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এছাড়া চিনিকলের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রæত বের করতে সক্ষম হবেন বলে জানান তিনি।


