ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ২৫ বছরেও বিচার হয়নি আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার। গতকাল ১৮ আগষ্ট মহাদেবপুরে আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২৫ তম মৃত্যু বাষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধীতে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এ নৃশংস হত্যাকান্ডের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি দেশব্যাপী আলোচিত আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচার। দীর্ঘ দিনেও এ মামলার বিচার না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন আলফ্রেড সরেনের পরিবার ও সমতলে বসবাসরত আদিবাসীরা। স্থানীয়রা জানায়, খাস জমি নিয়ে বিরোধের জের ধরে কুখ্যাত জোতদার হাতেম আলী ও গদাইয়ের লাঠিয়াল বাহিনী ২০০০ সালের ১৮ আগস্ট উপজেলার ভীমপুর অদিবাসী পল্লীতে হামলা ও অগ্নি সংযোগ করে আলফ্রেড সরেনকে নৃসংশভাবে হত্যা করে।
এ ঘটনার পর আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ ও আলফ্রেড সরেন হত্যার ঘটনায় সে সময় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। ২০০০ সালের ১৮ আগস্ট উপজেলার ভীমপুের আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে হত্যার কারণ অনুসন্ধানে জানা যায়, ভীমপুর ও আশেপাশের এলাকায় প্রায় ১১শ বিঘা খাস জমি রয়েছে। আলফ্রেড সরেন এসব খাস জমিতে ভ‚মিহীনদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদিবাসী ও ভ‚মিহীন কৃষকদের সংগঠিত করে জোতদারদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং এটিই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।
এসব খাস জমি জবর দখলকারী জোতদারগোষ্ঠী বুঝেছিল আলফ্রেড সরেন বেঁচে থাকলে তারা কোন ভাবেই এসব খাস জমি ভোগদখল করতে পারবে না। তাদের ভোগদখল নিশ্চিত করতে আলফ্রেড সরেনকে হত্যার পরিকল্পনা করেন জোতদার গোষ্ঠী। আর তাদের এ জঘন্য কাজে পরোক্ষভাবে সহায়তা করেন মহাদেবপুর থানার তৎকালীন ওসি সাখাওয়াত হোসেনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ ন্যাক্কারজনক কাজের জন্য পরে অবশ্য ওই পুলিশ কর্মকর্তারা সাময়িক বরখাস্ত হয়েছিলেন। ভীমপুরে আলফ্রেড সরেনের নেতৃত্বে গড়ে উঠা খাস জমিতে ভ‚মিহীনদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চিরতরে বন্ধ করার জন্য ২০০০ সালের ১৮ আগস্ট জোতদারদের লাঠিয়াল বাহিনী ভীমপুর আদিবাসী পল্লীতে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে আলফ্রেড সরেনকে নৃশংসভাবে হত্যা করে।
এ বর্ব্বর হত্যাকান্ডের মধ্য দিয়ে থেমে যায় ভীমপুরে খাস জমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে ওইদিনই ঘটনার পরপরই নওহাটা মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই প্রথম প্রতিবাদ সভায় জাতীয় আদিবাসী পরিষদের তৎকালীন নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা ও উপদেষ্টা আজাদুল ইসলাম আজাদ বক্তব্য রাখেন। ওই প্রতিবাদ সভা থেকে ২০ আগস্ট মহাদেবপুর উপজেলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
এ ঘেরাও কর্মসূচিতে আলফ্রেড সরেন হত্যার বিচার দাবীতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে আলফ্রেড সরেন হত্যার বিচার দাবীতে নওগাঁ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ হত্যাকান্ডের বিচারের দাবীতে দেশব্যাপী আন্দোলন গড়ে উঠলেও আজও আলফ্রেড সরেন হত্যার বিচার হয়নি ।
এ মামলার বাদী আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেন বলেন হাইকোটের একটি আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।#


