ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের মহিলার লাশের পরিচয় মিলেছে।
সে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের মেয়ে জেসমিন বেগম (৪৭)।এরআগে সোমবার রাত ১০ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিয়মিত মামলা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।
তিনি আরও জানান, গত রোববার বিকেল থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন।আমরা ঘটনাটির নিবিড়ভাবে তদন্ত করে দেখছি।


